দেশের দিকে ধেয়ে আসছে এ বছরের পঞ্চম বৃষ্টি বলয় ‘ঝুমুল’। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এটি একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে।
মূল বৃষ্টি বলয় ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে। সিলেট বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
এরপর বেশি সক্রিয় থাকবে ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ। বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।
সংস্থাটি জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
এ বৃষ্টি বলয়ের কারণে বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।