ভিভো ভারতে তাদের নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে — Vivo X300 Ultra এবং Vivo X300 FE। শক্তিশালী ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন, বড় ব্যাটারি এবং সর্বাধুনিক Snapdragon প্রসেসরের কারণে ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে ফোন দুটি। বিশেষ করে Vivo X300 Ultra-তে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় এটি ফটোগ্রাফিপ্রেমীদের জন্য হতে পারে দারুণ একটি পছন্দ। অন্যদিকে Vivo X300 FE তুলনামূলক কম দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক দুই ফোনের পার্থক্য, ফিচার এবং বাংলাদেশি টাকায় সম্ভাব্য দাম।
ডিজাইনে কে এগিয়ে?
ভিভো এক্স৩০০ আল্ট্রা দেখতে বেশ প্রিমিয়াম এবং বড়সড় ক্যামেরা মডিউলের কারণে এটি সহজেই নজর কাড়ে। ফোনটির পেছনে রয়েছে বড় গোলাকার ক্যামেরা সেটআপ। তবে উন্নত ক্যামেরা প্রযুক্তির কারণে ফোনটির ওজন প্রায় ২৩৭ গ্রাম, যা অনেকের কাছে কিছুটা ভারী মনে হতে পারে।
অন্যদিকে ভিভো এক্স৩০০ আল্ট্রা এফই তুলনামূলক হালকা ও ব্যবহারবান্ধব। এর ওজন মাত্র ১৯১ গ্রাম এবং পুরুত্ব ৭.৯৯ মিমি। ফোনটির ক্যামেরা ডিজাইনও আলাদা, যেখানে অনুভূমিক ওভাল আকৃতির মডিউল ব্যবহার করা হয়েছে। এছাড়া ভারতীয় বাজারে ফোনটি এক্সক্লুসিভ Urban Olive রঙেও পাওয়া যাবে।
ডিসপ্লেতে বিশাল পার্থক্য
ডিসপ্লের দিক থেকে Vivo X300 Ultra অনেকটাই এগিয়ে। এতে রয়েছে ৬.৮২ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যা QHD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা ছবি দেখার অভিজ্ঞতা হবে আরও শার্প ও প্রাণবন্ত। এছাড়া ফোনটিতে রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেট, যা স্ক্রলিং ও গেমিংকে করবে আরও স্মুথ।
অন্যদিকে Vivo X300 FE-তে রয়েছে ৬.৩১ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট। যদিও এটি Ultra-এর তুলনায় কিছুটা ছোট ও কম রেজোলিউশনের, তবুও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্স ও প্রসেসর
Vivo X300 Ultra-তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা বর্তমানে Qualcomm-এর অন্যতম শক্তিশালী প্রসেসর। এর সঙ্গে রয়েছে ১৬GB RAM, ফলে হেভি গেমিং, ভিডিও এডিটিং কিংবা মাল্টিটাস্কিং খুব সহজেই করা যাবে।
অন্যদিকে Vivo X300 FE-তে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং ১২GB RAM। পারফরম্যান্সের দিক থেকে এটিও বেশ শক্তিশালী এবং বেশিরভাগ ব্যবহারকারীর জন্য যথেষ্ট দ্রুতগতির অভিজ্ঞতা দেবে।
ক্যামেরায় আসল চমক
ক্যামেরার ক্ষেত্রে Vivo X300 Ultra সত্যিই অসাধারণ। ফোনটিতে রয়েছে: ২০০MP প্রধান ক্যামেরা , ২০০MP টেলিফটো ক্যামেরা, ৫০MP আল্ট্রা-ওয়াইড লেন্স।
ফোনটি ৩.৭x অপটিক্যাল জুম এবং ১০৫x ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়া এতে 8K ভিডিও রেকর্ডিং সুবিধাও রয়েছে। যারা মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি ডিভাইস।
অন্যদিকে Vivo X300 FE-তে রয়েছে: ৫০MP প্রধান ক্যামেরা, ৫০MP টেলিফটো ক্যামেরা, ৮MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দৈনন্দিন ছবি ও ভিডিওর জন্য এটি ভালো হলেও Ultra-এর মতো প্রফেশনাল অভিজ্ঞতা দেবে না। তবে ভালো খবর হলো, দুটি ফোনেই ৫০MP সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি ও চার্জিং
Vivo X300 Ultra-তে রয়েছে ৬,৬০০mAh ব্যাটারি এবং ১০০W ফাস্ট চার্জিং সুবিধা। অন্যদিকে X300 FE-তে রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি এবং ৯০W ফাস্ট চার্জিং। দুটি ফোনই দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে।
বাংলাদেশে সম্ভাব্য দাম
ভারতে Vivo X300 FE-এর দাম শুরু হয়েছে ৭৯,৯৯৯ রুপি থেকে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ লাখ ১২ হাজার টাকার কাছাকাছি হতে পারে।
অন্যদিকে Vivo X300 Ultra-এর দাম ১,৫৯,৯৯৯ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি হতে পারে। তবে অফিসিয়ালভাবে বাংলাদেশে ফোন দুটি লঞ্চ হলে দাম কিছুটা কম বা বেশি হতে পারে।
কোন ফোনটি কেনা উচিত?
যদি আপনি সেরা ক্যামেরা, বড় ডিসপ্লে এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা চান, তাহলে Vivo X300 Ultra নিঃসন্দেহে ভালো পছন্দ। আর যদি তুলনামূলক কম দামে শক্তিশালী পারফরম্যান্স ও ভালো ক্যামেরা চান, তাহলে Vivo X300 FE হতে পারে আপনার জন্য সেরা অপশন।