বৃষ্টির মতো ঝরছে পাথর, দেখে মনে হচ্ছে ছোট ছোট পাথরের বৃষ্টি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রহস্য উন্মোচিত হতে শুরু করে, আর তখনই সামনে আসে এক চমকপ্রদ ঘটনা।
পাথরের মতো কঠিন জিনিসের ভেতরেও লুকিয়ে থাকতে পারে ভয়ংকর অপরাধের চিহ্ন—এটারই প্রমাণ মিললো। বাইরে থেকে সাধারণ নির্মাণসামগ্রী মনে হলেও, ভেতরে সুচারুভাবে লুকানো ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এই অভিনব কৌশল ইতোমধ্যেই চোরাচালানকারীদের নতুন ট্রেন্ড হিসেবে উঠে এসেছে।
এবার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। বৈধভাবে পাথর আমদানির আড়ালে এসব নেশাজাতীয় সিরাপ আমদানির চেষ্টা করছিল সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট।
শনিবার গভীর রাতে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল এ অভিযান চালায়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনা মসজিদ স্থলবন্দর এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়।
এসময় ট্রাকটির পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ পাওযা যায়। তবে অভিযানের সময় ট্রাকচালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
.মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পরিবহনের দায়ে ট্রাকটি পাথরসহ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর।