মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী ও ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, এই ভাড়া ছাড়ের সুবিধা চালু করতে কিছুটা সময় লাগবে।
ভাড়া ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখালে এই ছাড় পাবেন।
এছাড়া ভ্রমণের সময় (অনবোর্ড) এবং টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া কার্ডটি কার্যকর হবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না, সে বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।