বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিবেচনায় বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর।
এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি থেকে। এর ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। অনভিবাসী ভিসা—যেমন পর্যটক বা শিক্ষার্থী ভিসা—এর আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাওয়ার প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শিক্ষার্থী ও ভ্রমণকারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।