লেবাননে ইরানের কূটনৈতিক মিশনে হামলা হলে, কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ হুশিয়ার দিয়েছেন। বলেছেন, বৈরুতে ইরানি দূতাবাসে কোনো ধরনের আঘাত করলে বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
বুধবার দেওয়া বক্তব্যে শেকারচি আরো বলেন, বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে হামলার ইসরায়েলি হুমকি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। “ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক নীতিমালাকে উপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপুল সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে তেহরান সংযম বজায় রেখেছে। তবে এই সংযমকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
ইসরায়েলি হুমকির জবাবে শেকারচি স্পষ্ট করে বলেন, “যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে তার পাল্টা জবাব দেব।” চলমান উত্তেজনায় ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। শেকারচির দাবি, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে একচুলও সরে আসবে না।