বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমনি আবারও আলোচনায়। এবার কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত বিতর্ক নয়, বরং মা-ছেলের আবেগঘন মুহূর্ত ভাগ করে নেয়ার কারণে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন পরিমনি। সেখানে দেখা যায়, ছোট্ট ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য মায়ের গলায় জড়িয়ে ধরে আছে। ভিডিওটির সঙ্গে একটি আবেগময় ক্যাপশনও দিয়েছেন এই অভিনেত্রী।
পরিমনি লিখেছেন, “সারাদিন মায়ের কাজ করা দেখে সে বিরক্ত হয়ে গেছে। বাসায় ফিরতে ফিরতে মনে হলো একদিন আমিও ওর পিঠে চড়বো এভাবে। সেই দিন আসুক আমার জীবনে।”
পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে মা-ছেলের এই মুহূর্তকে “ভালোবাসার সবচেয়ে সুন্দর ছবি” বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার পরিমনির মাতৃত্ববোধের প্রশংসা করেছেন।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি মাতৃত্ব নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরিমনি। প্রায়ই ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মুহূর্ত শেয়ার করতে দেখা যায় তাকে। আর সেসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মা ও সন্তানের সম্পর্ক যে কতটা গভীর ও আবেগের, পরিমনির সাম্প্রতিক এই পোস্ট যেন তারই এক বাস্তব প্রতিচ্ছবি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনি বিয়ে করেন। সে ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে তাদের পরিচয় হয়। সেই থেকে প্রেম ও পরিণয়। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় পরীমনির কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। তবে পরে পরীমনি আরও দুইটি নাম রেখেছেন পদ্ম, পুণ্য।
শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর পরীমনি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ‘ওয়ান ম্যান আর্মি’। পরে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।