আমেরিকা-ইসরায়েল মিলে ইরানের সঙ্গে যে সংঘাতে লিপ্ত হয়েছে- তার রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে। তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও অস্থিরতা। হামলার শিকার ইরান এখন বেশ উত্তপ্ত।
দেশটির তাণ্ডবের ভয়ে কাঁপছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ একাধিক দেশ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাইয়ের আকাশসীমা, ফলে বহু আন্তর্জাতিক বিমান ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের এই চলমান অস্থিরতায় দুবাইয়ে আটকে পড়েছেন ভারতীয় বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। ভ্রমণ কিংবা ট্রানজিট—ভিন্ন ভিন্ন কারণে সেখানে অবস্থান করলেও হঠাৎ আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। যেমন বলা যায়- টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ছেলে ইউভানকে নিয়ে দুবাই সফরে গিয়েছিলেন।
ছেলের পরীক্ষা শেষ হওয়ায় তাকে নিয়ে পাম জুমাইরাতে ঘুরতে যান অভিনেত্রী। গেল শনিবার দুবাই পৌঁছানোর পর থেকেই সেখানকার পরিস্থিতি জটিল হতে শুরু করে। রোববার থেকে দুবাইয়ের একটি হোটেলেই মূলত আটকা পড়েছেন শুভশ্রী ও তার ছেলে।
একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা এবং নির্ঘুম রাতের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। অনিশ্চয়তা আর উদ্বেগে সময় কাটছে তার।
ওদিকে মেক্সিকো সফর শেষে ভারত ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি নিয়েছিলেন জনপ্রিয় র্যাপার হানি সিং। কিন্তু সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় তিনিও আটকা পড়েন সেখানে। ৩ মার্চ নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ভিডিও বার্তা দিয়ে ভক্তদের বিষয়টি জানান তিনি।
এছাড়াও দুবাইয়ে আটকে পড়ে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ইশা গুপ্তা। অন্যদিকে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, যিনি বর্তমানে প্যারিসে অবস্থান করছেন এবং দেশে ফেরার অপেক্ষায় আছেন।
মধ্যপ্রাচ্যের এই বৈরী পরিস্থিতি কবে স্বাভাবিক হবে—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। ফলে কবে নাগাদ তারা নিজ দেশ ভারতে ফিরতে পারবেন, সে প্রশ্নের উত্তরও এখন অনিশ্চিত।