রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শামিম আরা। অন্যদিকে, উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাহানাজ পারভীন।
নবনিযুক্ত এই দুই কর্মকর্তা পূর্বে বিভিন্ন সরকারি কলেজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতায় ইডেন মহিলা কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইডেন মহিলা কলেজ দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষায় মেয়েদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। নতুন নেতৃত্ব দায়িত্ব নেয়ার ফলে কলেজের শিক্ষা মান, প্রশাসনিক দক্ষতা, ক্যাম্পাস পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব সেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশ, গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে নতুন প্রশাসনের হাতে।