রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা ওভারটাইম করার অনুমতি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৩০ মার্চ একটি প্রজ্ঞাপনে এ অনুমতি জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “চলতি বছরের ১৭ এপ্রিল থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ছয় মাস এই অনুমতি কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে সাময়িকভাবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১০০, ১০২ ও ১০৫ ধারার প্রযোজ্যতা স্থগিত (ওয়েভ) করা হয়েছে। ফলে এইসময়ের মধ্যে কারখানাগুলো শ্রমিকদের অতিরিক্ত কাজ করাতে পারবে, যদিও সাধারণ নিয়ম অনুযায়ী ১০০ ধারা অনুযায়ী দিনে সর্বাধিক ৮ ঘণ্টা, এবং ১০৮ ধারার বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যায়।
আইনের অন্যান্য বিধান অনুযায়ী, সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে এই সময়সীমা বাড়ানো গেলেও কোনও সপ্তাহে মোট কাজের সময় ৬০ ঘণ্টার বেশি এবং বছরে গড় হিসেবে প্রতি সপ্তাহে ৫৬ ঘণ্টার বেশি হতে পারবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থ বা অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে লিখিত আদেশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য কোনও শিল্প খাতে এই বিধান শিথিল করতে পারে। এ ধরনের ছাড় সর্বোচ্চ ছয় মাসের জন্য একবারে দেয়া যেতে পারে।