বরিশালের মুলাদী উপজেলা এলাকায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।
অভিযানের সময় সুমনের বাড়ির সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল উদ্ধার করা হয়। একই সময়ে তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, সুমন ও তার ভাই ডিজেল মজুতের বিষয়টি স্বীকার করেছেন। সুমন দাবি করেন, কয়েকদিন আগে এক ডিলারের কাছ থেকে তিনি ডিজেল কিনে সংরক্ষণ করেছিলেন।