হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে, যার পর থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায়।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পরে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।