নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর–ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছোটবাতকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) এবং বাবুল (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। ট্রাকচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে ইজিবাইক চালক রাব্বি (২২), যাত্রী মিঠুন সাহা (৩৫) ও মজনুকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাত্রী রাজিব (৩৫) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লালপুর থানার ওসি মজিবর রহমান বলেন, দুর্ঘটনার পর নিহতদের লাশ ও ক্ষতিগ্রস্ত যান দুটি উদ্ধার করা হয়েছে। পলাতক ট্রাকচালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে।