ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই কোটি কোটি ভক্তের আবেগ। কিন্তু এই মাঠের লড়াইয়ের আড়ালে চলে বিত্তের চিত্ত। রয়েছে অর্থের এক বিশাল খেলা। যা আধুনিক ফুটবলে সাফল্য আর সম্পদকে করেছে একে অপরের পরিপূরক।
বর্তমান বিশ্ব ফুটবলের প্রেক্ষাপটে দেখা যায়, যে ক্লাবগুলোর হাতে যত বেশি অর্থ, তারকা ফুটবলারদের ভিড়ও সেখানে তত বেশি। মাঠের লড়াইয়ে ট্রফি আসুক বা না আসুক, ব্র্যান্ড ভ্যালু আর বাণিজ্যিক সাফল্যে অনেক ক্লাবই আকাশছোঁয়া।
ফোর্বস ম্যাগাজিনের হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী ফুটবল ক্লাবের গল্পের ১০ নম্বরে আছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। মাঠের পারফরম্যান্সে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বা প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা এই দলটির আর্থিক মূল্য এখন প্রায় ৮ হাজার কোটি টাকা। তাদের ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনকে ঢেলে সাজানোর কাজ চলায় আয়ে কিছুটা প্রভাব পড়লেও স্পারদের দাপট কমেনি।
তালিকার ৯ এ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। টানা ৬ বার ইতালীয় ফুটবলের শীর্ষ লিগ সিরি আ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার এবং আয়ে ৩ শতাংশ ঘাটতিতে তাদের ১০ হাজার কোটি টাকার মালিক বানিয়ে তালিকার এই অবস্থানে রেখেছে।
এর পরেই অর্থাৎ ৮ নম্বরে আছে অলরেড খ্যাত লিভারপুল। ঐতিহ্যবাহী এই ইংলিশ ক্লাবটির মূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। আর ৭ নম্বরে আছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের বিনিয়োগ আর স্পন্সরদের ভিড়ে স্ট্যামফোর্ড ব্রিজের এই দলটির দাম এখন সাড়ে ১৪ হাজার কোটি টাকা।
তালিকার ৬ নম্বরে আছে গানারস খ্যাত আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট হাতছাড়া হওয়ায় তাদের বাজারদর কিছুটা কমে এখন দাঁড়িয়েছে ১.৭২ বিলিয়ন ইউরোতে।
আবুধাবির বিনিয়োগে পাল্টে যাওয়া দল ম্যানচেস্টার সিটি আছে ৫ নম্বরে। তারকাদের মেলা বসালেও বড় কোনো শিরোপা না জেতা এই ক্লাবটির আর্থিক মূল্য সাড়ে ১৬ হাজার কোটি টাকা।
জার্মানির একমাত্র প্রতিনিধি হিসেবে ৪ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। টানা পাঁচবার বুন্ডেস লিগা জয়ী এই ক্লাবটি সাড়ে ২১ হাজার কোটি টাকা নিয়ে শীর্ষ তিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
অবাক করার মতো বিষয় হলো, ইউরোপসেরা হয়েও তালিকার ৩ নম্বরে থাকতে হয়েছে রেয়াল মাদ্রিদকে। স্কোয়াডের গড় বয়স এবং ট্রান্সফার ফির জটিলতায় গ্যালাকটিকোদের মূল্যমান সাড়ে ২৮ হাজার কোটি টাকা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে ২ নম্বরে।
মেসি-নেইমারদের জাদুতে কাতালানদের বর্তমান মূল্য ২৯ হাজার কোটি টাকা।এবং সবশেষে, মাঠের লড়াইয়ে কিছুটা ম্লান হলেও অর্থের লড়াইয়ে সবার উপরে রেড ডেভিলস— ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ হোসে মোরিনিয়োর অধীনে ইউরোপা লিগ জিতে সান্ত্বনা খুঁজলেও সাড়ে ২৯ হাজার কোটি টাকা নিয়ে তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব।
অর্থ আর আভিজাত্যের এই লড়াইয়ে অনেকে থাকলেও পরিবর্তণ হয় খুব কমই। তবে আগামী মৌসুমে কেমন থাকবে? তা সময়ই বলে দেবে।