বিয়ের দিন ছিল সোমবার। বাড়িতে চলছিল আনন্দ আয়োজন। কিন্তু তার আগের দিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রকৌশলী জুলফিকার আলী (৩০)। বিয়ের আগের দিনের এই মর্মান্তিক ঘটনায় উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।
২২ মার্চ দুপুরে নাটোরের বড়াইগ্রামে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কয়েকদিন আগে বাড়িতে ফিরেছিলেন জুলফিকার। রোববার সকালে বোন ও দুলাভাইকে আনতে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুরিয়া থেকে বনপাড়ার দিকে রওনা হন। পথে গড়মাটি এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।