ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় তিনি স্ত্রী ডিয়ান ডাও-কে সঙ্গে নিয়ে জাদুঘরের ‘শিখা চির-অম্লান’-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
রাষ্টদূত জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবহিত হন। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সংগ্রাম সম্পর্কে গভীরভাবে জানার আগ্রহ থেকেই এই পরিদর্শন।
এছাড়া, যুক্তরাষ্ট্র সরকারের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।