ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নাগরিকদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছে শহরের কোন কোন এলাকায় ফুটপাত দখল হয়ে আছে এবং কোথায় উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএনসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করে এই জনমত যাচাই ও তথ্য সংগ্রহের অভিনব উদ্যোগ শুরু করে। সংস্থার উদ্দেশ্য, নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুটপাত দখলের প্রকৃত অবস্থা বোঝা এবং পরবর্তীতে একটি পরিকল্পিত উচ্ছেদ অভিযান চালানো।
পোস্ট প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে চার হাজার মন্তব্য জমা পড়ে। সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে নিজের এলাকার ফুটপাত দখলের তথ্য, স্থানের নাম এবং সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরছেন।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের দেওয়া তথ্য গুরুত্বসহকারে যাচাই করা হবে এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ ও উচ্ছেদ কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী শুরু করা হবে।