জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের জানান, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ভিড় ছিল। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ এটি ভেঙে পড়ে।
ব্রিজ ধসে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।