সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। নৈতিকতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সমাজের অসংগতি তুলে ধরা এর প্রধান দায়িত্ব। এই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ও দর্শকের আস্থা অর্জন করে আসছে দেশ টেলিভিশন।
দেশের এই স্বনামধন্য সংবাদমাধ্যমে শুরু হয়েছে নতুন অধ্যায়। চ্যানেলটির অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন তাবাস্সুম আশরাফ। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশ টিভিকে দেশের ‘এক নম্বর’ চ্যানেলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
২০০৯ সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে দেশ টিভি। প্রতিষ্ঠার পর থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা প্রচারে ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আগামী ২৬ মার্চ ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে চ্যানেলটি।
১৮ বছরে পদার্পণের এই গুরুত্বপূর্ণ সময়ে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তাবাস্সুম আশরাফ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।
নতুন নেতৃত্বে দেশ টেলিভিশন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ মহিউদ্দিন। একইসঙ্গে তিনি প্রতিষ্ঠানটির গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।
ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ দেশ টিভির অগ্রযাত্রা আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।