পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ছুটির আমেজ। স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে লম্বা ছুটি থাকায় অনেকেই গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে বাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল না করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। তাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি
বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের মূল লাইন বন্ধ করে যেতে হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে। আবার ফিরে এসে চুলা জ্বালানোর আগে কিছু সময় দরজা-জানালা খুলে রাখা ভালো, যাতে ভেতরে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। একই সঙ্গে বাসার পানির কলগুলো ঠিকভাবে বন্ধ আছে কি না সেটিও নিশ্চিত করতে হবে।
ওহা, খাবার সংরক্ষেনে রাখার বিষয়। ফ্রিজে রাখা পচনশীল খাবারগুলো যতটা সম্ভব শেষ করে ফেলা ভালো। যদি ফ্রিজে খাবার না থাকে, তাহলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেও যেতে পারেন।
অনেক সময় তাড়াহুড়ায় বাসার লাইট, ফ্যান বা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের সুইচ অন অবস্থায় থেকে যায়। তাই বের হওয়ার আগে সব সুইচ বন্ধ আছে কি না দেখে নিন। কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন ।
ঈদের সময় চুরি-ডাকাতির ঘটনা বাড়তে পারে। তাই বাসার দরজায় ভালো মানের তালা লাগানো জরুরি। সম্ভব হলে ভেতরের কক্ষগুলোর দরজাতেও আলাদা তালা লাগিয়ে রাখা যেতে পারে।
বাড়িতে পোষা প্রাণী থাকলে তাকে একা রেখে যাওয়া ঠিক নয়। সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হলে পরিচিত কারও কাছে রেখে যেতে পারেন।
বাসা ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে বন্ধ আছে কি না তা কয়েকবার দেখে নেওয়া ভালো। এতে নিরাপত্তা ঝুঁকি কমে। আলমারি, টেবিল বা ড্রয়ারে রাখা নগদ টাকা, অলঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে লক করে রাখতে হবে।
যাত্রার আগে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা প্রয়োজনীয় নথির ফটোকপি করে একটি কপি নিজের কাছে রাখা ভালো। এতে পথে হারিয়ে গেলে সমস্যার ঝুঁকি কম হবে।
বাড়ি ছাড়ার আগে রান্নাঘরসহ সব কক্ষের ময়লার ঝুড়ি খালি করে বাইরে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। না হলে দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকলে দুর্গন্ধ ও জীবাণু ছড়াতে পারে। সব মিলিয়ে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে এসব প্রয়োজনিয় বিষয় খেয়াল রাখলে শহরের বাসাটি নিরাপদ থাকবে। একই সঙ্গে ছুটি শেষে ফিরে এসে একটি পরিষ্কার ও স্বস্তিকর পরিবেশ পাওয়া যাবে।