স্বর্ণের দামে আবারও বৃদ্ধি এনেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে ২ লাখ ৭৪ হাজার টাকা অতিক্রম করেছে। এর আগে এই দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজারে উল্লেখযোগ্য উর্ধ্বগতি দেখা গেছে।
সোমবার (২ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সেই কারণেই নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি আরও জানায়, ঘোষিত নতুন মূল্য সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে নতুন দামে দেশের সব জুয়েলারি দোকানে সোনা বিক্রি হচ্ছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৭৪ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
এদিকে বিশ্ব বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখি রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৩ ডলার উঠেছে।